‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।
সভা শেষে তিন ক্যাটাগরিতে জেলার ৯ জন শ্রেষ্ঠ শিক্ষককে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানম, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জয়নগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, শিবালয় সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, গুণী শিক্ষক—মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক ড. মো. জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ের ইনস্ট্রাক্টর আবীর হাসান মুকুল এবং শিবালয় উপজেলার তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ অন্যান্যরা।
উল্লেখ্য, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।





