এই নতুন দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার নদীভাঙনসহ দীর্ঘদিনের দুর্ভোগ জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে চরবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে।
জানা যায়, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের চরাঞ্চলের মানুষ নদীভাঙন, বন্যা ও প্রকৃতির বৈরিতার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। যুগের পর যুগ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই জনপদের মানুষের তিল তিল করে গড়া বসতি নদীগর্ভে বিলীন হওয়া এখানকার নিত্যদিনের বাস্তবতা।
এ অবস্থায় এমপি এস এ জিন্নাহ কবির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় চরাঞ্চলবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁর গতিশীল নেতৃত্বে নদীভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ, গৃহহীনদের পুনর্বাসন এবং দুর্যোগকালীন পর্যাপ্ত সহায়তা নিশ্চিত হবে বলে এলাকাবাসীর জোরালো বিশ্বাস।
স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, টেকসই যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অবহেলিত এই জনপদকে মূল স্রোতধারায় যুক্ত করা সম্ভব হবে। এস এ জিন্নাহ কবিরের সুযোগ্য তদারকিতে চরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের বঞ্চনার অবসান ঘটে একটি স্বনির্ভর ও উন্নত অঞ্চল গড়ে উঠবে।
শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী বলেন, প্রতি বছর নদী ভাঙনের কবলে পড়ে শত শত বিঘা কৃষিজমি ও হাজার হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এস এ জিন্নাহ কবির আমাদের মানিকগঞ্জ-১ আসনের গর্ব। তিনি এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হওয়ায় নদীভাঙন রোধ এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন বলে আমরা জোরালো প্রত্যাশা করি।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, মানিকগঞ্জের প্রতিটি উপজেলার ওপর দিয়ে ছোট-বড় নদী বয়ে গেছে এবং কমবেশি সবাই নদী ভাঙনের শিকার হন। এই কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আরও সুগম হবে। পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আমি আশাবাদী।





