মানিকগঞ্জের দৌলতপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তার একজন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।
প্রশিক্ষণে উপজেলার কলিয়া, ধামশ্বর ও চকমিরপুর ইউনিয়নের ২৭ জন মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী এবং ৩ জন সুপারভাইজার অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের মাঝে ট্যাব প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী অঙ্গীকার। এই প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পূর্ণ ভাবে নির্ভর করে মাঠ পর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের ওপর। তাই তথ্য সংগ্রহকালে কোনো অবস্থাতেই কোনো ধরনের ভুল করা যাবে না। তথ্য সংগ্রহ ও কার্যক্রমে শতভাগ সঠিকতা নিশ্চিত করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তথ্য গোপন করেন কিংবা আইন লঙ্ঘন করেন। তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান এবং মানিকগঞ্জ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহ, নিবিড় যাচাই-বাছাই এবং সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পটি শতভাগ স্বচ্ছতার সাথে সুষ্ঠু ভাবে বাস্তবায়নের ওপর বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করা হয়।





