বাংলাদেশ জাসদ এর যুব সংগঠন বাংলাদেশ যুবজোটের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের সন্তান মো: শাহজাহান আলী সাজু।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুয়ায়ী তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও যুবসমাজের অধিকার আদায়ের আপসহীন সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদে মনোনীত করা হয়েছে।
ছাত্রজীবন থেকেই জাসদের রাজনৈতিক আদর্শ ধারণ করে তিনি রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ দুই যুগ ধরে তিনি ছাত্র-জনতার অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে সুনামের সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি, ধানকোড়া ইউনিয়ন শাখা,মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা,মানিকগঞ্জ জেলা শাখা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এবং বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব সফল ভাবে পালন করেছেন।
স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রেও তাঁর রয়েছে অনন্য অবদান। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সততা ও দক্ষতার পরিচয় দেন। তৃণমূল থেকে উঠে আসা এই পরীক্ষিত নেতার কেন্দ্রীয় নেতৃত্বে আসায় দেশের যুবসমাজ আরও বেশি গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো: শাহজাহান আলী সাজু বলেন, যুবসমাজের অধিকার আদায়ে আমরা রাজপথে দৃঢ়ভাবে কাজ করব। দেশ ও জাতির কল্যাণে অর্পিত এই দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য আমার নিজ জেলাসহ সারা দেশের মানুষের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এদিকে, যুবজোটের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর বাংলাদেশ জাসদ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।





