শিরোনাম
Advertisement
সারাদেশ

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

Advertisement
সংগৃহীত

    বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা ফিরোজা বেগম (৭৫) মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে সকাল ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তার গাড়িবহর কিচক ব্রিজের সামনে পৌঁছালে ফিরোজা বেগম রাস্তা পার হচ্ছিলেন।

তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের নিচু জমিতে নেমে যায়।

    দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী, চালক ও গানম্যান মুক্তারুল ছিলেন।

      এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী পায়ে আঘাত পান। দুর্ঘটনার পরপরই তাকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

    অন্যদিকে গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালের অর্থোপেডিক্স ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

      বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতের ভাতিজা মো. জাকির জানান, তার চাচি সকালে কিছু জিনিসপত্র নিয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। বয়স্ক হওয়ায় রাস্তা পার হওয়ার সময় তিনি হয়তো মন্ত্রীর গাড়িবহর খেয়াল করতে পারেননি। তখনই গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে।

      শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, ঘটনার পর স্থানীয় প্রশাসন নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।

      সূত্র : বাংলানিউজ

এ বিভাগের আরও সংবাদ