শিরোনাম
Advertisement
জাতীয়

সম্প্রীতির বন্ধন রক্ষায় ঐক্যের ডাক দিলেন : খাদ্যমন্ত্রী রিতা

Advertisement
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতাছবি: সারাক্ষণ সংবাদ

    খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এক অনন্য সৌন্দর্য, যা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের এক মিলন মেলায় রূপ দিয়েছে। এই ঐক্য ও ভালোবাসা আমাদের সবাইকে চিরকাল ধরে রাখতে হবে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি নাটমন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ​তিনি আরও বলেন, জন্মাষ্টমীর দিনে সবার মূল কাজ হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি অর্জন করা। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একসঙ্গে থাকব এটিই আজকের দিনের মূল প্রতিজ্ঞা। অশুভ শক্তিকে হটিয়ে সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

​নির্বাচনের সময়কার সহযোগিতার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন, তা আমি যথাযথ ভাবে পালন করব। আপনাদের এই আন্তরিকতা ও ভালোবাসা আমার কাছে ঋণের বোঝার মতো। অতীতে যেভাবে পাশে ছিলেন, আগামী দিন গুলোতেও সেই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

    ​জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার দুলালের সভাপতিত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালিপদ ঘোষ, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অনির্বাণ পাল, হিন্দু মহাজোটের সভাপতি তাপস পাল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রঞ্জিত দে।

    ​আলোচনা সভা শেষে কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সংগঠনের ভক্তরা অংশ নেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এ বিভাগের আরও সংবাদ