সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাণী দেন তারা।
বাণীতে তারা সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের সব নাগরিককে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
রাষ্ট্রপতির বাণী
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, দক্ষ রাজনীতিক ও সমাজসংস্কারক। সত্য, ন্যায় ও মানব কল্যাণের প্রতীক হয়ে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শ্রীকৃষ্ণের শিক্ষা যুগ যুগ ধরে মানুষকে মানবিক ও সহমর্মী হতে প্রেরণা জুগিয়ে আসছে।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িকতা ও ঐক্যবোধই আমাদের সংস্কৃতির মূল শক্তি। বিশ্বের নানা প্রান্তে ধর্মীয় সংঘাত ও বিভেদ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি সকলকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান। শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে একটি অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রীর বাণী
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সকলের নাগরিক দায়িত্ব। কেউ যেন সম্প্রীতির সুন্দর পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শ্রীকৃষ্ণ তার জীবন ও কাজের মাধ্যমে সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় মানবপ্রেমের অনন্য উদাহরণ রেখে গেছেন। বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, শ্রীকৃষ্ণের বার্তা ও শিক্ষা সমাজে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং সম্মিলিত প্রচেষ্টায় এক জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে উঠবে।
সূত্র : রাইজিংবিডি





