মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ৬৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ১২টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ এবং চারজন আহত ব্যক্তির প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার সহায়তার চেক দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারী প্রতি ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং সাধারণ আহত ব্যক্তিকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দুর্ঘটনার তিন মাসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী নাহিদ ইভা, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মরিয়ম রকিব, বিআরটিএর পরিদর্শক লাভলু শিকদার, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন এবং ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমুন নাহার।
জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।





