মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ফার্মেসিকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দৌলতপুর হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রসিকিউশনে এ অভিযান পরিচালিত হয়।
জেলা ঔষধ প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত তদারকি ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দৌলতপুর হাসপাতাল গেট এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং চিকিৎসকদের ব্যবহারের জন্য নির্ধারিত ‘ফ্রি স্যাম্পল’ বিক্রির অপরাধের সত্যতা পাওয়া যায়।
পরে জনস্বার্থবিরোধী এ ধরনের অপরাধের দায়ে ‘ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩’-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় সংশ্লিষ্ট চারটি ফার্মেসিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের সুপারিনটেনডেন্ট অব ড্রাগস মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়ম কোনো ভাবেই বরদাশত করা হবে না। ফার্মেসি মালিকদের কঠোর ভাবে সতর্ক করা হয়েছে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত না হন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





