মানিকগঞ্জের হরিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয় এবং এই ঘটনায় একজন আটক ।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কোকরহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম কোকরহাটি গ্রামের আক্কাস আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আইয়ুব আলীর পরিবারের সঙ্গে ময়না বেগমের পরিবারের ২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার (৮ নভেম্বর) বিকেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক- পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই সময় প্রতিপক্ষের আইয়ুব আলীর ছেলে চঞ্চল, তাঁর স্ত্রী হালিমা বেগম ও চঞ্চলের স্ত্রী জাহানারা বেগমের হামলায় ময়না বেগম গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।