টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়ামিন মিয়া (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নাগরপুর সদর ইউনিয়নের দক্ষিণ দুয়াজানী গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে ইয়ামিন মিয়া কৌশলে স্থানীয় এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর নড়েচড়ে বসে পুলিশ। শুক্রবার(৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়ামিন মিয়াকে গ্রেফতার করা হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, দক্ষিণ দুয়াজানী গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত আসামি ইয়ামিন মিয়াকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।