শিরোনাম
Advertisement
সারাদেশ

নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার

Advertisement
নাগরপুরের বনগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতবাড়িছবি: সারাক্ষণ সংবাদ

টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আসবাবপত্র ও নগদ টাকাসহ সবকিছু হারিয়ে পরিবার দুটি এখন সম্পূর্ণ নিঃস্ব।

​গত শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম উত্তরপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে মো. তারা মিয়া ও মো. সোমেশ আলী।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ করেই ওই বাড়ি থেকে আগুনের ধোঁয়া ও শিখা উড়তে দেখেন স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে, ফায়ার সার্ভিস আসার আগেই ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

​ক্ষতিগ্রস্ত মো. তারা মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুন সব শেষ করে দিয়েছে। আমার গায়ে পরিহিত কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। দুটি বড় সাইজের গরুসহ ঘরের অন্যান্য আসবাবপত্র ও মালামাল পুড়ে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​দীর্ঘদিনের তিলতিল করে জমানো সঞ্চয় ও মাথাগোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

​এদিকে সর্বস্ব হারানো এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান মানুষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

এ বিভাগের আরও সংবাদ