শিরোনাম
Advertisement
শিক্ষা

আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা শুরু

Advertisement
বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা শুরুছবি: সারাক্ষণ সংবাদ

আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের তিন দিনব্যাপী বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মানিকগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

​প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের দিন শিক্ষার্থীরা দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।

​শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও মঞ্চে উপস্থাপনার সক্ষমতা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন একাডেমিক ইভেন্টের পাশাপাশি আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুলটির প্রায় ১,২০০ জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে বাছাইকৃত ১৮৮ জন শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

​প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকার ধানমন্ডির লাইট হাউজ ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক উপদেষ্টা জোবাইদা নাজনীন, একই স্কুলের শ্রেণি শিক্ষক শিফতা হামিদ এবং আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

​উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, একটি পুরোনো প্রবাদ আছে,হাজার মাইলের পথচলাও শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে। আজ আমাদের ছোট্ট সোনামণিরা মঞ্চে সেই প্রথম পদক্ষেপগুলোই নিচ্ছে। কেউ হয়তো একটু ভয় পাচ্ছে, কিন্তু মঞ্চে দাঁড়ানোর সাহস দেখানোই তাদের আসল জয়। এই প্রতিযোগিতা শুধু পুরস্কার জেতার জন্য নয়, এটি আত্মবিশ্বাস গড়ার এবং ভুল থেকে শেখার একটি সুবর্ণ সুযোগ। শিক্ষার্থীরা, নিজের সেরাটা দাও এবং বন্ধুদের জন্য ঠিক ততটাই জোরে হাততালি দিও, যতটা নিজের জন্য আশা করো।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের পর আগামী শনিবার (৭ নভেম্বর) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ