টাঙ্গাইলের নাগরপুরে ‘ইত্তিহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ’ নাগরপুর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় নাগরপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে (যদুনাথ স্কুল সংলগ্ন) এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রিয়া ডেন্টাল ক্লিনিক অ্যান্ড জিহাদ মেডিসিন শপের স্বত্বাধিকারী ডা. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান খান মো. আসাদুজ্জামান কিছলু। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের দাতা সদস্য আলহাজ্ব মো. মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য হিদায়াতের সর্বোত্তম দিশারি। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ খুঁজে পেতে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে কুরআনের সুমহান আলোয় আলোকিত করা এবং তাদের মাঝে ইসলামী শিক্ষা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, শিশু-কিশোরদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মননে দেশপ্রেম, আত্মশুদ্ধি এবং সুস্থ সংস্কৃতির চেতনা জাগ্রত করতে অভিভাবক ও আলেমসমাজসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, অবক্ষয়মুক্ত ও আদর্শ সমাজ গঠনে নৈতিক শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হযরত মাওলানা রফিকুল ইসলাম, হযরত মাওলানা রফিকুল ইসলাম আমিনী ও মাওলানা ইলিয়াছ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি মুফতি শহিদুল ইসলাম সিরাজী, সেক্রেটারি হাফেজ মাওলানা আল হেলাল, সদর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি জাকারিয়া, সহ-সভাপতি মুফতি আব্দুল হাদি এবং মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র নাগরপুরের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নানসহ নাগরপুরের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামপ্রিয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় নাগরপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ ও সাধারণ বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খুদে শিক্ষার্থীরা পবিত্র কুরআনুল কারিমের হিফজ, তিলাওয়াত এবং ইসলামিক সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে নিজেদের মেধা ও প্রতিভার চমৎকার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের দ্বীনি ও শিক্ষামূলক আয়োজনের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





