মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সেমিনারে বক্তারা জাতীয় কবির বিদ্রোহী চেতনা, সাম্যবাদ, মানবপ্রেম এবং তাঁর বহুমুখী সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, কবির সৃষ্টিকর্ম আমাদের জাতীয় সংস্কৃতি ও স্বাধিকার আন্দোলনের চিরন্তন প্রেরণা। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার।
এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।





