শিরোনাম
Advertisement
সারাদেশ

ক্যান্সারে স্বামীহারা পরিবারের পাশে ‘ইয়ুথ ড্রিম’, সহায়তা খাদ্যমন্ত্রীর

Advertisement
ক্যান্সারে স্বামীহারা অসহায় পরিবারকে খাদ্য ও শিক্ষা উপকরণ প্রদানছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নে ক্যান্সারে স্বামীহারা এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘ইয়ুথ ড্রিম’।

খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার পক্ষ থেকে পরিবারটির হাতে খাদ্যসামগ্রী এবং শিশুদের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।

​পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী লিটন খান প্রায় দুই বছর আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বামীর চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারের সঞ্চিত সব অর্থ শেষ হয়ে যায়। ফলে চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। বর্তমানে তিন সন্তানকে নিয়ে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তাঁর উচ্চশিক্ষিত স্ত্রী। শত আর্থিক অনটনের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়া ও তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখছেন।

​জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, পরিবারটির এই দুঃসময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তাঁর নির্দেশে ইয়ুথ ড্রিমের মাধ্যমে পরিবারটির জন্য খাদ্যসামগ্রী ও শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া লিটন খানের স্ত্রীর স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সরকারি নানা সুযোগ-সুবিধা যেন তারা পান, সে ব্যাপারেও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

​‘ইয়ুথ ড্রিম’-এর পক্ষ থেকে জানানো হয়, সংকটময় মুহূর্তে পরিবারটির পাশে দাঁড়ানো, শিশুদের শিক্ষার পথ সুগম করা এবং তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাঁচিয়ে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে তাদের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ