শিরোনাম
Advertisement
সারাদেশ

জমি নামজারিতে জালিয়াতির অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

Advertisement
জমি নামজারিতে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মো. মতিয়ার রহমান ও সংশ্লিষ্ট দলিলছবি: সারাক্ষণ সংবাদ

টাঙ্গাইলের নাগরপুরে জমির অনলাইন নামজারিতে জালিয়াতি ও প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে।

​অনলাইন আবেদনে অসঙ্গতি ধরা পড়ায় ধুবড়িয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তা বাতিলের সুপারিশ করে। ওই আবেদনে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর নথিপত্র নামঞ্জুর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হয়।

সরেজমিন অনুসন্ধানে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া পশ্চিমপাড়ার বাসিন্দা মো. মাছেম আলী (৭০) নামের এক বৃদ্ধ ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। চিকিৎসা ও নিজের ভরণপোষণের জন্য তিনি ৪২ শতাংশ জমি নামজারি’র উদ্দেশ্যে সাবেক চেয়ারম্যান মো. মতিয়ার রহমানের শরণাপন্ন হন। জমি কেনাবেচার ক্ষেত্রে নামজারি বাধ্যতামূলক হওয়ায় অনলাইনে আবেদন করা হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে দলিল টেম্পারিংয়ের মতো অসাধু পন্থা অবলম্বন করা হয়, যার ফলে অনলাইনে করা আবেদনটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

​পরবর্তী সময়ে গত ৩ আগস্ট ফের অনলাইনে একটি নামজারি আবেদন (মামলা নং: ১০৩১) জমা দেওয়া হয়। তবে ধুবড়িয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন মূল দলিল যাচাই করে দেখতে পান, অনলাইনে দাখিলকৃত আবেদনে খতিয়ান নম্বর ও জমির শ্রেণি পরিবর্তন (টেম্পারিং) করা হয়েছে। মূল দলিলের সঙ্গে তথ্যের মিল না পাওয়ায় এবং জালিয়াতির প্রমাণ মেলায় ওই কর্মকর্তা আবেদনটি নামঞ্জুরের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করেন।

​আবেদন বাতিল হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন জমির প্রকৃত মালিক বৃদ্ধ মাছেম আলী। আর এই ভয়ের সুযোগকে কাজে লাগিয়ে মো. মতিয়ার রহমান ওই বৃদ্ধকে নানাভাবে ভুল বুঝিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু টাকা দেওয়ার পরও নামজারি না হওয়ায় মাছেম আলী ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, দলিল টেম্পারিং করে আবেদন করার কারণেই তা বাতিল হয়েছে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করলে যথাসময়েই নামজারি সম্পন্ন হতো।

​পরবর্তী সময়ে এ বিষয়ে ওই অসহায় বৃদ্ধ ব্যক্তি সাবেক এই জনপ্রতিনিধির কাছে গেলে তাঁকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী বৃদ্ধ মাছেম আলী বলেন,আমি অসুস্থ। চিকিৎসার খরচ জোগাড় করার জন্য ভাতিজার কাছে জমি বিক্রি করেছি। কিন্তু নামজারি সম্পন্ন না হওয়ায় আমি এখনো তাকে দলিল বুঝিয়ে দিতে পারছি না। মতিয়ার চেয়ারম্যান নানা অজুহাতে টাকা নিলেও নামজারি করে দিচ্ছেন না। দ্রুত নামজারি সম্পন্ন হলে আমি জমি হস্তান্তর ও নিজের চিকিৎসা করাতে পারতাম।

​এদিকে একই ধরনের প্রতারণার অভিযোগ তুলেছেন ধুবড়িয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ব্যক্তি। মুঠোফোনে তিনি জানান, তাঁর ১৬ শতাংশ জমি নামজারি করে দেওয়ার কথা বলে সাবেক এই চেয়ারম্যান তাঁর কাছ থেকেও সাড়ে সাত হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এখন টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

​ধুবড়িয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন বলেন, অনলাইনে জমা দেওয়া আবেদনের সঙ্গে মূল দলিলের তথ্যের কোনো মিল পাওয়া যায়নি। আবেদনটিতে দলিল টেম্পারিং বা জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ মেলায় আমি এটি নামঞ্জুরের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করেছি।

​অভিযোগের বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও দলিল লেখক মো. মতিয়ার রহমান বলেন, অর্থ আদায় এবং দলিল টেম্পারিং বা জালিয়াতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

​এ বিষয়ে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ