শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Advertisement
মা ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনাছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

​শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করার পাশাপাশি এক জেলেকে অর্থদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

​উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, মা ইলিশ রক্ষা হোক আমাদের অঙ্গীকার। ইলিশের নিরাপদ প্রজনন ও মৎস্য সম্পদের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​অভিযান পরিচালনাকালে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী অসাধু উপায় অবলম্বন করায় এক জেলেকে আটক করে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নদী ও মাছঘাট থেকে প্রায় ২,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং আনুমানিক ১৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

​পরবর্তীতে জব্দকৃত ১৬ কেজি ইলিশ মাছ স্থানীয় ‘মাদ্রাসা আসমা বিনতে আবু বক্কর (রাঃ)’ এবং ‘খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানা’র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে জব্দকৃত ২,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযানে পুলিশ, নৌ পুলিশ, কোস্ট গার্ড, আনসার বাহিনীর সদস্য এবং মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

এ বিভাগের আরও সংবাদ