শিরোনাম
Advertisement
সারাদেশ

সাটুরিয়ায় অর্পিত সম্পত্তি নেতাদের লীজ, উত্তাল গ্রামবাসী

Advertisement
লিজ বাতিল ও মসজিদের নামে বরাদ্দের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পূর্ব কুষ্টিয়া এলাকায় সরকারি অর্পিত সম্পত্তি বিএনপি সমর্থিত কৃষক দলের পাঁচ নেতার নামে লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

লিজ বাতিল করে জমিটি ভাঙনের মুখে পড়া স্থানীয় মসজিদ ও ঈদগাহর নামে বরাদ্দের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পূর্ব কুষ্টিয়া চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​লিজপ্রাপ্ত পাঁচ নেতা হলেন,সাটুরিয়া উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ও সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশ মো. শাকিল হোসেন, বালিহাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল করিম, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মো. জিন্নত আলী এবং মো. হাছেন আলী।

স্থানীয় বাসিন্দা মো. শুকুর আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মো. খোরশেদ আলম, মো. সেলিম হোসেনসহ এলাকার সাধারণ মানুষ।

​মানববন্ধনে বক্তারা জানান,কালিয়াকৈর-কালামপুর-সাটুরিয়া সড়ক প্রশস্তকরণ কাজের কারণে পূর্ব কুষ্টিয়া গ্রামের একমাত্র জামে মসজিদটি ভেঙে পড়ে। এলাকায় আর কোনো বিকল্প জমি না থাকায় গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা চরম বিপাকে পড়েন। এর মধ্যে বালিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কুষ্টিয়া মোড়ে অবস্থিত ২২ শতাংশ জমি নিয়ে সরকারের সঙ্গে সৈয়দ বাদশা আলমের দীর্ঘদিন মামলা চলছিল। সম্প্রতি মামলায় রায় সরকারের পক্ষে আসে। প্রায় ২ কোটি টাকা মূল্যের এই অর্পিত সম্পত্তিটি মসজিদ ও ঈদের নামাজের জন্য বরাদ্দের দাবি ছিল এলাকাবাসীর।

​তবে অভিযোগ উঠেছে, কাউকে না জানিয়ে সাটুরিয়া উপজেলা প্রশাসন মোটা অঙ্কের বিনিময়ে স্থানীয় বাসিন্দা নন এমন পাঁচ কৃষকদল নেতার নামে ওই ২২ শতাংশ জমি একসনা লিজ প্রদান করেছে।

​ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অনতিব্লিমে ওই নেতাদের নামে দেওয়া লিজ বাতিল করে জমিটি মসজিদ ও ঈদগাহর জন্য বরাদ্দের জোর দাবি জানান।

​বালিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (ইউপি মেম্বার) মো. হাবিবুর রহমান হাবু মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, পূর্ব কুষ্টিয়া গ্রামের একমাত্র মসজিদটি সড়ক প্রশস্ত করায় ভেঙে গেছে। গ্রামে দ্বিতীয় কোনো মসজিদ বা উপযুক্ত জায়গা নেই। উপজেলা প্রশাসন যদি অর্পিত এ জমিটি মসজিদের নামে বরাদ্দ দিত, তবে এলাকাবাসীর উপাসনার ব্যবস্থা হতো। বহিরাগত নেতাদের নামে কীভাবে এত মূল্যবান জমি লিজ দেওয়া হলো, তা বোধগম্য নয়। অবিলম্বে এই লিজ বাতিল না করা হলে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

​সভাপতি মো. শুকুর আলী বলেন, সরকারি সম্পত্তি পাওয়ার অধিকার স্থানীয় জনগণেরই আগে। অথচ যাদের নামে জমিটি লিজ দেওয়া হয়েছে, তারা কেউ এই গ্রামের বাসিন্দা নন। শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী ও সাধারণ মুসল্লিদের নিয়ে আরও বড় পরিসরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

​লিজ বাতিলের দাবিতে এলাকাবাসী ইতোমধ্যে চার দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

এ বিভাগের আরও সংবাদ