উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানকোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল করিম।
পরিদর্শনকালে তিনি উৎসব প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
একই সাথে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতাসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানান।
মণ্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো: আব্দুল করিম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আবহমান বাংলা ও বাঙালির মূল সৌন্দর্যই হলো আমাদের এই পারস্পরিক সম্প্রীতি। ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধ মানুষকে সবসময় সততা, দয়া ও কল্যাণের পথ দেখায়। আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াই এবং সৌহার্দ্যের এই বন্ধনকে আরও সুদৃঢ় করি।
বক্তব্যে তিনি এলাকার পূজামণ্ডপ গুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





