গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রূপ ও আবহমান সংস্কৃতিকে ফিরিয়ে আনতে দৌলতপুরে অনুষ্ঠিত হলো জমকালো ঐতিহ্যবাহী লাঠিখেলা।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়নের ‘পাঁচ কলিয়া ঈদগাহ মাঠে’ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে মনমুগ্ধকর এই লাঠিকেলার আয়োজন করা হয়।
গ্রাম বাংলার প্রাচীন ও জনপ্রিয় এই লোকজ বিনোদন উপভোগ করতে বিকেল থেকেই বিভিন্ন বয়সের হাজারো উৎসবমুখর মানুষ ঈদগাহ মাঠে ভিড় জমান। ঢাক-ঢোল, কাঁসর ও ঘণ্টার তালে তালে লাঠিয়ালদের চোখধাঁধানো শারীরিক কসরত এবং কৌশলপূর্ণ নান্দনিক রণরঙ্গ উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, লাঠিখেলা আমাদের আবহমান গ্রাম বাংলার সংস্কৃতির এক অনবদ্য ও অনন্য অংশ। আধুনিক প্রযুক্তির যুগে হারিয়ে যেতে বসা এসব খেলাধুলা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ-সুন্দর মানসিকতায় ফিরিয়ে আনতে এ ধরনের ক্রীড়া-সংস্কৃতিক চর্চার বিকল্প নেই। গ্রামীণ এই গৌরবময় ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং উত্তরপ্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতিকে পরিচিত করে তুলতে ভবিষ্যতেও এই ধরনের নান্দনিক আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান এবং দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন, যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় ছিলেন কলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রূপকারগণ।
গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।





