মানিকগঞ্জের দৌলতপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে দৌলতপুর কেন্দ্রীয় কালী মন্দিরসহ উপজেলার বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ও ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ ঘুরে দেখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মহরম আলী।
পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা এবং দৌলতপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে উষ্ণ কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরার নজরদারিসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সম্প্রদায়িক সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে এই শারদীয় উৎসব উদযাপন করতে পারেন। সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী পূজারি ও দর্শনার্থীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। যে কোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই সরেজমিন উপস্থিতি ও আন্তরিক সহায়তার আশ্বাসে গভীর সন্তোষ প্রকাশ করেছেন পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এর ফলে উৎসবের সার্বিক আনন্দে বাড়তি উৎসাহ ও স্বস্তি বিরাজ করছে পুরো উপজেলায়।





