মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধ ভাবে কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) কাটার অপরাধে দুই ব্যক্তিকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো, মো. শরিফুল ইসলাম (৩২) এবং জাহিদুল ইসলাম (২১)। তাঁদের উভয়ের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর ও বালিয়াডাঙ্গা এলাকায়।
জানা যায়, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স হাজী ব্রিক্স নামের ইটভাটা এলাকায় আভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) অবৈধ ভাবে কাটার সত্যতা পাওয়ায় দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে অর্থদণ্ড করা হয়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, কৃষি জমির টপসয়েল বা উপরিভাগের উর্বর মাটি হলো ফসলের মূল প্রাণ। এটি কেটে ফেললে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। যা পুনরুদ্ধার করতে বহুকাল সময় লেগে যায়। অসাধু চক্রের কারণে এলাকার কৃষি খাত হুমকির মুখে পড়ছে। কৃষি জমি রক্ষা ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন কোনো ধরনের আপস করবে না। ইটভাটা কিংবা যেকোনো অবৈধ কাজে টপসয়েল কাটা সম্পূর্ণ বন্ধে আমাদের এই কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।





