মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর গ্রামের অসহায় ও হতদরিদ্র শম্ভু কর্মকারের বাসস্থানের স্বপ্ন পূরণ হতে চলেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মানবিক সামাজিক সংগঠন ‘সেবাঘর’-এর অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত নতুন ঘরটি আনুষ্ঠানিক ভাবে তাঁর কাছে হস্তান্তর করা হবে।
সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন দিনমজুর শম্ভু কর্মকার। আর্থিক অনটনের কারণে মাথার ওপর একটি শক্ত ছাদ তৈরির সামর্থ্য ছিল না তাঁর। বিষয়টি নজরে আসার পর ‘সেবাঘর’-এর নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় শম্ভুর জন্য একটি নিরাপদ ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) দৌলতপুর উপজেলা সদরে আনুষ্ঠানিক ভাবে শম্ভু কর্মকারের হাতে নবনির্মিত ঘরটির চাবি তুলে দেবেন ‘সেবাঘর’-এর জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত থাকবেন।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শম্ভু কর্মকার বলেন, বৃষ্টির দিনে চাল দিয়ে পানি পড়ত, রাতে ঠিকমতো ঘুমাতেও পারতাম না। ‘সেবাঘর’ আমার যে উপকার করল, তা কোনো দিন ভুলব না। ভগবান তাদের মঙ্গল করুন।
এ বিষয়ে ‘সেবাঘর’-এর পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে আজাদ জানান, অসহায় ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। শম্ভু কর্মকারের মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গত বছর প্রায় দেড় লাখ টাকা ব্যয় করে কলোনি পাড়ার মান্নু ভাইয়ের মেয়ের বিয়ের আয়োজন করেছিলাম আমরা। এ ছাড়া অসুস্থ ও চিকিৎসাধীন মানুষদের আর্থিক সহায়তা এবং রোগীদের জন্য রক্ত সংগ্রহের কাজ প্রতিনিয়ত করা হচ্ছে। এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।





