বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘিওরে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালের দিকে ঘিওর উপজেলা বিএনপির উদ্যোগে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের স্লোগান ও ঢাক-ঢোলের শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
স্থানীয় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির বলেন, বিএনপি দীর্ঘ লড়াই-সংগ্রাম ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমাদের এই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রেখে দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
র্যালি শেষে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। এ সময় উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





