মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বাচামারা বিবিসি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান খানের জন্মদিনে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধক ও ভেষজ গাছের চারা রোপণ করে কলেজ পরিবার।
কর্মসূচীতে অধ্যক্ষ মো. রোকনুজ্জামান খান নিজে উপস্থিত থেকে শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে ক্যাম্পাসে চারাগাছগুলো রোপণ করেন।
বৃক্ষরোপণকালে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে অধ্যক্ষ রোকনুজ্জামান খান বলেন,জন্মদিন উদযাপনের সেরা ও সার্থক উপায় হলো প্রকৃতির সান্নিধ্যে যাওয়া এবং সমাজ ও পরিবেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। গাছ কেবল প্রকৃতির রূপ-সৌন্দর্য বাড়ায় না, আমাদের জীবন ও প্রাণ রক্ষায় অক্সিজেনের জোগান দেয়।
আজ যে চারা গুলো রোপণ করা হলো, তা ভবিষ্যতে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি মনোরম, সবুজ ও ছায়াসুনিবিড় শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তিগত কিংবা সামাজিক নানা উৎসবে কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করে আগামীর পৃথিবীকে বাসযোগ্য রাখা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা পুষ্পশোভিত ফুলেল শুভেচ্ছার পাশাপাশি অধ্যক্ষ মহোদয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এদিকে জন্মদিন উদযাপনের প্রথাগত আনুষ্ঠানিকতা বা কেক কাটার বাইরে গিয়ে পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির এমন সচেতনতামূলক সবুজ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধী ও সচেতন মহল।





