মানিকগঞ্জের সাটুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলের দিকে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নূর হোসেন (৫০) সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামের মৃত হুইটা আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিল্লী ইউনিয়নের বোবার মোড় পশ্চিম চর তিল্লি গ্রামের নূর হোসেনের সঙ্গে তার ছোট ভাই আবুল হোসেন ও তার দুই ছেলে সোহেল হোসেন ও রতন মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আবুল হোসেন ও তার দুই ছেলে মিলে নূর হোসেনকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং মাথায় গুরুতর জখম করেন।
আঘাত পেয়ে নূর হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিল্লি ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা জানান, দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো এবং এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও করা হয়েছে। কিন্তু সালিশে সিদ্ধান্ত হলেও আবুল হোসেন ও তার ছেলেরা তা মানতেন না। আজ একই বিষয় নিয়ে আবারও ঝগড়া শুরু হলে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানান তিনি।
সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।





