মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানিকগঞ্জে দিনব্যাপী বহুমুখী সেবামূলক কর্মসূচি পালন করেছে ‘লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি’ (ডিস্ট্রিক্ট-৩১৫ এ২)।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের নারাঙ্গাই এলাকায় অবস্থিত ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।
আয়োজকরা জানান, সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের সেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং শিশুদের সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
পাশাপাশি বিনামূল্যে সাধারণ মানুষের ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়।
রোগীদের শারীরিক সুস্থতায় বিনামূল্যে দেওয়া হয় ফিজিওথেরাপি চিকিৎসা।
চলতি মৌসুমে সামাজিক ব্যাধি মাদকাসক্তি ও ডেঙ্গু প্রতিরোধে চালানো হয় সচেতনতামূলক প্রচারণা।
পরিবেশ ভারসাম্য রক্ষায় প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি সর্বসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আয়োজন করা হয় পোস্টার প্রতিযোগিতা।
লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির সভাপতি প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান লায়ন প্রকৌশলী মো. সামসুর রহমান, লায়ন এজাজ আহমেদ, লায়ন মাহবুবুর রহমান মামুন ও লায়ন শিউলী আক্তার।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন, মানিকগঞ্জ সিআরপি’র অধ্যক্ষ মো. মাহবুবুল ইসলাম এবং নওখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাকিম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।





