খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল ও সনদ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন নয়, বরং নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মূল্যবোধ ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই পরীক্ষায় ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; সততা, দক্ষতা, মানবিকতা ও দেশপ্রেমের গুণে নিজেদের সমৃদ্ধ করতে হবে। শিক্ষা যেন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন মানুষের চিন্তাশক্তি, বিবেক ও দায়িত্ববোধকে বিকশিত করে।

আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হতে হবে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খাইরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়কারী রহমত আরা লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনসারী এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া।
প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে নৃত্য, সংগীত, ফ্যাশন শো ও আলোচনা পর্বের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





