মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন প্রভাত সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক প্রয়াত শান্তনু রায়ের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরের রিজার্ভ ট্যাঙ্ক এলাকার শান্তনু সরণিতে অবস্থিত তাঁর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রভাত সংঘের সদস্যরা।
এ সময় বক্তারা প্রয়াত শান্তনু রায়ের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনের বিকাশ ও তা সংগঠিত করতে তাঁর ভূমিকা চিরস্মরণীয়।
ক্রীড়াবিদ ও দক্ষ সংগঠক হিসেবে দেওয়া তাঁর অনন্য অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লুত কণ্ঠে বক্তারা আরও বলেন, “তোমার জীবন ও কর্ম ভুলিনি, ভুলবো না।”

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, প্রভাত সংঘের সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা, প্রফেসর উর্মিলা রায়, সাবেক ক্রীড়াবিদ শংকর লাল ঘোষ ও বাদল শিকদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা শাখার সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি গোলাম সরোয়ার দিটি, সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) প্রতিনিধি কামাল আহমেদ কমল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার নবকুমার মিত্র, সাবেক ক্রিকেটার মশিউর রহমান শিমুল, লিটু নিয়োগী এবং প্রয়াত শান্তনু রায়ের পরিবারবর্গসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।