মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, লাঠিখেলা কেবল বিনোদনের মাধ্যম নয়। এটি আমাদের লোকজ ঐতিহ্য, আত্মরক্ষা, শৃঙ্খলা ও বীরত্বের প্রতীক।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা এলাকায় আয়োজিত এক মাদকমুক্ত সমাবেশ ও গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের তরুণ সমাজ আজ ডিজিটাল যুগের অপসংস্কৃতি ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই তরুণ সমাজকে সুস্থ ও স্বাভাবিক রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। আত্মসংযম, শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এসব খেলা যুব সমাজকে সঠিক পথ দেখতে সাহায্য করবে।
স্থানীয় সংসদ সদস্য আরও বলেন, সমাজের নিয়মনীতির তোয়াক্কা না করে যেসব যুবক পথভ্রষ্ট হয়ে জীবন অতিবাহিত করছে, আমি তাদের অবিলম্বে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অপরাধী যে-ই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
জিন্নাহ কবির বলেন, পরিবার ও সমাজকে অপরাধ এবং মাদকমুক্ত রাখতে অভিভাবকদের সততা ও সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে কেউ যদি নিজে থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাকে সার্বিক সহযোগিতা করা হবে। কিন্তু এই সুযোগের অপব্যবহার করে কেউ অপরাধে লিপ্ত হলে তার পরিণতি হবে অত্যন্ত কঠোর। তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে খেলার মাঠ সচল রাখা এবং লোকজ ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দুর্নীতি ও গাফিলতির কারণে উন্নয়ন কাজ থমকে থাকায় জনগণ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিটি কাজের সচ্ছ জবাবদিহিতা থাকতে হবে, এটি না হলে দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব না।
তিনি আরও বলেন,তারেক রহমানের আদর্শে সুশাসিত সমাজ গঠনে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতাই হলো প্রকৃত উন্নয়নের ভিত্তি। কেবল বিপুল বাজেট বা বরাদ্দই যথেষ্ট নয়। দুর্নীতি প্রতিরোধ করে মানিকগঞ্জ-১ (দৌলতপুর, শিবালয় ও ঘিওর) আসনকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

ঐতিহ্যবাহী এই লাঠি খেলার শুভ উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী ও নারী উদ্যোক্তা সায়লা কবির।
শিবালয় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম বাবুল হোসেন (বাবু)সভাপতিত্বে মোঃ মাজেদ মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান লিটন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী।
এ ছাড়া শিবালয় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক স্থানীয় দর্শনার্থী উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে এই খেলা উপভোগ করেন।
খেলা শেষে পাবনা থেকে আসা চারটি দল এবং স্থানীয় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।





