কুড়িগ্রামের রৌমারী’র খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জের বেউথা ঘাটে, আগামীকাল হবে ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদীর নৌকাবাইচ।
কুড়িগ্রামের রৌমারী’র বাইচের খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জের বেউথা ঘাটে। আগামীকাল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বেউথা এলাকার কালীগঙ্গা নদীর নৌকাবাইচ।
মায়ের দোয়া নৌকাটির পরিচালক মজিবুর রহমান বলেন, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদী হয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করে। বিভিন্ন নদী হয়ে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে পৌঁছাতে সময় লেগেছে ৩-দিন। ভারতের শাল কাঠ দিয়ে তৈরি এই নৌকার প্রথম বাইচ এটি। ছয়লাখ টাকা ব্যায়ে গত একবছর ধরে এই নৌকাটি তৈরি করা হয়েছে। জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব মাসুদ পারভেজ জানান, আগামীকাল শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে বাইচে অংশগ্রহণকারী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন দেওয়া হবে। দুপুর ১২টায় শুরু হবে ঘাসি ও খেল্লা নৌকার বাছাই পর্বের প্রতিযোগিতা। সরাসরি মূল পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ছান্দি ও পানসি নৌকাগুলি।
তিনি বলেন, এবারের বাইচে অংশগ্রহণকারী সকল নৌকার জন্য রয়েছে বিশেষ পুরস্কার ‘৮ সিএফটি ফ্রিজ’। চারটি ক্যাটাগরীতে বিজয়ী তিনটি নৌকার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। খেল্লা/গয়ইটা নৌকা বাইচে ১ম পুরস্কার ১০০সিসি মৌটরসাইকেল, ২য় পুরস্কার ১৬ সিএফটি ফ্রিজ এবং ৩য় পুরস্কার ১১ সিএফটি ফ্রিজ। এছাড়াও বাছাই পর্বে থাকবে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ফ্রিজ ।
ঘাসি/ছিটা নৌকা বাইচে ১ম পুরস্কার ১০০সিসি মৌটরসাইকেল, ২য় পুরস্কার ১৬ সিএফটি ফ্রিজ এবং ৩য় পুরস্কার ১১ সিএফটি ফ্রিজ। এছাড়াও বাছাই পর্বে থাকবে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ফ্রিজ ।
ছন্দি ও পানসি নৌকা বাইচে ১ম পুরস্কার হিসেবে থাকবে ২টি ইলেকট্রিক বাইক এবং ২টি ১৬ সিএফটি ফ্রিজ ও ২টি ১১ সিএফটি ফ্রিজ।
উক্ত পুরস্কারের সাথে প্রতিটি নৌকার জন্য থাকছে পিতলের কাপ।
আরো থাকছে যেমন খুশি তেমন সাজো নৌকা ও ব্যক্তির জন্য টিভি, প্রেসার কুকার, রাইস কুকার পুরস্কার।
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটের ঐতিহ্যেবাহী এই নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খানম রিতা। জেলা বিএনপি’র আয়োজিত এই নৌকা বাইচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম কান লোদীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাসুদ পারভেজের পরিচালনায় আয়োজিত এই নৌকা বাইচ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষনেতারা।
উল্লেখ্য, কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়া উপজেলাসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার চার ক্যাটাগরির ২২টি নৌকা এই বাইচে অংশগ্রহণ করবে। নৌকা গুলির মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ৪টি ছান্দি ও পানসি নৌকা থাকছে ৩টি। নৌকার পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলা এই বাইচে অংশগ্রহণ করবে।