মানিকগঞ্জের ঘিওরে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি মামলায় ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘিওর বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করেন ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম।
অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো, মেসার্স মনির মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, মানিক মেডিকেল হল ও আনোয়ারা ফার্মেসিকে ৫ হাজার টাকা করে, শাওন ফার্মেসি, আলম মেডিক্যাল কর্নার ও মনোয়ার ফার্মেসিকে ৩ হাজার টাকা করে এবং কাজল মেডিকেল কর্নারকে ২ হাজার টাকা।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, জনস্বার্থ রক্ষায় ওষুধের দোকান গুলোতে এ ধরনের ঝটিকা অভিযান ও সার্বক্ষণিক তদারকি কেবল অব্যাহতই থাকবে না বরং তা আরও জোরদার করা হবে। ভেজাল, মেয়াদউত্তীর্ণ বা অসাধু উপায়ে ওষুধ বিক্রির কোনো প্রমাণ মিললে সংশ্লিষ্ট কারও প্রতি কোনো অনুকম্পা দেখানো হবে না তাৎক্ষণিক দোকান গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, অবৈধ মজুত ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়ায় ‘ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩’-এর ৪০ ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
অভিযানে মানিকগঞ্জ জেলা ড্রাগ সুপারিনটেনডেন্ট মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন এবং ঘিওর থানা পুলিশ।