”দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার বাতিঘর। তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। তাই প্রবীণদের মৌলিক অধিকার সুরক্ষা, পরিবার ও সমাজে তাঁদের যথাযথ মর্যাদা সুনিশ্চিতকরণ এবং তাঁদের স্বাস্থ্যের যত্নসহ সার্বিক নিরাপত্তায় সমাজের সকল স্তরের মানুষকে সহানুভূতিশীল ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন এবং উপপরিদর্শক (এসআই) মোঃ লিটন,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তিত্ব ও সুশীল সমাজের গণ্যমান্য প্রতিনিধিরা।