ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন নদ-নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়ে মানিকগঞ্জের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এবং দেশের ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে। এ সময়ে নদ-নদীতে মাছ আহরণ বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, মানিকগঞ্জ ছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মুন্সীগঞ্জ জেলার নদ-নদী এবং মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
তাছাড়া গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল ও জামালপুর জেলার নদ-নদীতে ইলিশ আহরণ বন্ধ থাকবে।
একই সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মজিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, শিবালয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরাম, আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুটেন্ট স্বরূপ বিশ্বাস, পাটুরিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার এবং স্থানীয় জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।