মানিকগঞ্জের দৌলতপুরে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সৃষ্টিসমগ্র নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা সাম্য, দ্রোহ ও প্রেমের অমর পূজারী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সৃষ্টিশীল কালজয়ী সাহিত্য এবং মহাকালজয়ী সংগীতের নান্দনিক ও রাজনৈতিক দর্শনের ওপর গভীর আলোকপাত করেন। তারা বলেন, নজরুলের অমর লেখনী কেবল অন্যায়ের বিরুদ্ধেই সোচ্চার ছিল না, বরং তা যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত মানুষের অনুপ্রেরণার আধার হিসেবে সমাজে অসাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সাম্য ও শাশ্বত মানবতার চিরন্তন আলোকবর্তিকা জ্বালিয়ে আসছে। তরুণ সমাজকে অন্ধকার ও কূপমণ্ডূকতা থেকে মুক্ত করে দেশপ্রেম, প্রগতি এবং বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রাণিত করতে কবির এই অপরাজিত চেতনা ও উদার চিন্তাধারা তাদের ধমনীতে ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান বক্তারা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর আল মুঈজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) স্বপ্ন কুমার, সরকারি মতিলাল ডিগ্রি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. লোকমান হোসেন। এছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





