শিরোনাম
Advertisement
সারাদেশ

​নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২

Advertisement
নাগরপুরে চোরের ধারালো অস্ত্রের আঘাতে নিহত মজনু মিয়ার স্বজনদের আহাজারিছবি: সারাক্ষণ সংবাদ

    টাঙ্গাইলের নাগরপুরে চোর ধরতে গিয়ে চোরের অতর্কিত ছুরিকাঘাতে মজনু মিয়া (৫০) নামের এক গৃহস্থের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

    ​বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার গয়হাটা এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।

    ​নিহত মজনু মিয়া ওই এলাকার মৃত বেল্লাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ঢালাই মিস্ত্রির সহকারী এবং তিন সন্তানের জনক ছিলেন।

    ​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে চোর মজনু মিয়ার বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় গৃহমালিক মজনু মিয়া প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে বাড়িতে অপরিচিত লোক দেখতে পান। তাঁর ডাক-চিৎকারে চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘরের পেছনে লুকিয়ে থাকে। মজনু মিয়া চোরকে খুঁজতে গেলে সেখানে ওত পেতে থাকা চোর ধারালো অস্ত্র দিয়ে (মজনু মিয়া) তাঁকে এলোপাতাড়ি আঘাত করে। মজনু মিয়াকে বাঁচাতে প্রতিবেশী আলতাফ ও নাজমুল এগিয়ে এলে ছামিনুর নামের চোর তাঁদেরকেও ছুরিকাঘাত করে।

    ​পরবর্তীকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন।

    ​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মীর রকিবুল ইসলাম লীন জানান, ছুরি দিয়ে আঘাতের কারণে মজনু মিয়ার কানের পেছনের রক্তনালী (ক্যারোটিড আর্টারি) কেটে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

    ​নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত চোর ছামিনুর মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ