মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-মেয়ে নিহত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত হলো,শিবালয় উপজেলার পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সোনিয়া (২৬) এবং তাঁর দশ মাস বয়সী শিশু কন্যা জান্নাত। সোনিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনিয়া তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘গোল্ডেন লাইন পরিবহন’এর একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া ও শিশু জান্নাত গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু জান্নাত মারা যায়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশীদ জানান, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হলেও এর চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রস্তুতি চলমান আছে।





