মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে এক বাড়িতে ঢুকে হাজেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে স্বর্ণের চেইন লুট করে নিয়েছে দূর্বৃত্তরা এমন অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
জানা যায়, বোরকা পরিহিত এক ব্যক্তি ভিক্ষুকের ছদ্মবেশে ওই বাসায় ঢোকেন। গৃহকর্ত্রী হাজেরা বেগম তাকে সত্যি সত্যি ভিক্ষুক ভেবে একটি পলি ব্যাগে চাল নিয়ে দিতে এগিয়ে আসেন। ঠিক তখনই ওই ব্যক্তি অতর্কিত ভাবে হাতে থাকা হাতুড়ি দিয়ে বৃদ্ধার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে রক্তাক্ত বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইনটি লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যান।
আহত হাজেরা বেগমের মেয়ে আরেয়া বেগম বলেন, মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। স্বজনদের সহযোগিতায় মাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন,উত্তর সেওতা এলাকার একটি ফ্ল্যাটে ঢুকে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। এই সময় ওই বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন লুটের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





