মানিকগঞ্জের হরিরামপুরে প্রচলিত প্রথা ভেঙে হাঁস-মুরগি, ফল আর লাউ দিয়ে ওসি আফজালকে বিদায় জানালো স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিদায়ী ওসিকে বিদায় জানাতে থানা প্রাঙ্গণে নেমেছিল সব বয়সী মানুষের ঢল, চোখে ছিল ভালোবাসার অশ্রু।
জানা যায়, জেলার হরিরামপুর থানা প্রাঙ্গণে ওসি আফজাল হোসেনকে বিদায় ও নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে বরণে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এতে শিক্ষক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। উপস্থিত সাধারণ মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি ওসির স্মৃতিচারণ করায় পুরো প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় অবসরপ্রাপ্ত দুই শিক্ষক ওসমান আলী ও জালাল উদ্দিন বলেন, ওসি আফজাল হোসেন সকালে উপজেলার বিভিন্ন রাস্তায় হাটতে বের হয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখতেন।
পাশাপাশি যথাযথ ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন। তিনি হরিরামপুরের অন্যতম দক্ষ ও জনপ্রিয় কর্মকর্তা ছিলেন।
উত্তাল পদ্মা নদী পার হয়ে থানা প্রঙ্গনে আসেন মাইন উদ্দিন নামের এক কৃষক।তিনি বলেন, আমারা বসবাস করি চরাঞ্চলে কিন্তু ওসি (আফজাল হোসেন) স্যার যোগদান করার পর থেকে চুরি-ডাকাতি কমে গেছে আমাগো অঞ্চলে।
এই কৃতিত্বের সম্পূর্ণ দাবীদার এই পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন।
ওই চরাঞ্চল থেকে আসেছেন নিজ গাছের জাম্বুরা নিয়ে হাবেজা খানুন নামের আরো এক নারী। তিনি বলেন,আমার জীবন দশায় এমন ভালো পুলিশ দেখিনি। আল্লাহ তার ভালো করুক এই দোয়া করি।
বিদায়ী ওসি আফজাল হোসেন বলেন, সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক হলেও হরিরামপুরবাসীর এই সম্মান ও ভালোবাসা আমি কোনো দিন ভুলব না। এখানকার মানুষের সরলতা ও স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।





