মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের অপরাধে ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো, মানিকগঞ্জ সদরের পূর্ব দাশড়া এলাকার মিজানুর রহমান, গাজীপুরের তেলিপাড়া এলাকার রুবেল, জামালপুরের তুলসীপুর এলাকার সোহেল রানা, ঢাকার বাড্ডা এলাকার ইমন হাসান, মাসুদ রানা ও তুহিন, গাজীপুরের দিঘিরচালা এলাকার ইব্রাহিম খলিল, টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাইদ এলাকার মারুফ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে জাগীর এলাকার একটি পুরোনো কারখানার গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। সেখানে ১৩ টি ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার সময় হাতেনাতে ৯ জনকে আটক করা হয়। পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরও বলেন , সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি ওই ৯ জনকে ভাড়া করে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার চুক্তি করে ছিলেন। এই প্রক্রিয়াজাত করা মাংস ঢাকা ও এর আশপাশের বিভিন্ন হোটেলে পাঠানোর কথা ছিল।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিক্তা খাতুন এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।





