মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো,তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী, তিল্লি ইউনিয়ন যুবলীগের কর্মী মো. রফিক মিয়া, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম এবং যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন।
সাটুরিয়া থানা সূত্রে জানা যায়, তিন দিন আগে সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে রাতের আঁধারে একটি মিছিল বের করা হয়। পরবর্তীতে সাটুরিয়া ডাক-বাংলোর সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বিস্ফোরণ ও মিছিলের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সংগঠনটির নেতাকর্মীরা সাটুরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা-মূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে পুলিশ ধারনা । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী এবং অপর দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মিছিল ও বিস্ফোরণের মতো অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের সাথে তাকেও আদালতে পাঠানো হয়েছে।





