‘শেকড় থাকুক সংস্কৃতিতে, ডানা মেলুক শিক্ষায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাবিস আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
একই সঙ্গে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের সাবিস মিলনায়তনে এই অনুষ্ঠিনের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট, বই এবং নগদ অর্থ তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভার বিকাশ, সাংস্কৃতিক চর্চায় উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নান্দনিকবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।
একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এম কথা উল্লেখ করে বক্তারা আরো বলেন, সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের অনুষ্ঠান মানিকগঞ্জে সাংস্কৃতিক চর্চার পরিসর আরও বিস্তৃত করবে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।
সাবিস আয়োজিত অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবিসের সভাপতি মাহবুব জামাল চঞ্চল ও সাধারণ সম্পাদক শাহ আব্দুর রাজ্জাক টিপু।
আলোচনা সভা শেষে গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সংগীত শিল্পী জুয়রিয়া ইসলাম নূপুরের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিযোগী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





