মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মুজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত মুজিবুর রহমান সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকার ময়নাল হকের ছেলে।
জানা যায়, জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় বিধি লঙ্ঘন করে বালু উত্তোলন করছিলেন মুজিবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং তিন ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মুজিবুর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলায় নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।





