মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টস কর্মী চম্পা বেগম (৪০) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের চাপ ও মনোমালিন্য থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।
গ্রেপ্তার জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা।
পিবিআই জানায়, নিহত চম্পা বেগম ঘিওর উপজেলার বীরসিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি এবং তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
পরদিন ২৪ নভেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে চম্পা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করে এবং পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-প্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যার রহস্য উদ্ঘাটনে নামে পিবিআইয়ের একটি দল।
পিবিআই আরও জানায়, মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে ঘিওর থানার বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন সেতুর পাশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সন্দেহভাজন আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই। সংস্থাটির দাবি, চম্পা বেগমের সঙ্গে জসিমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তাঁরা দিনের বিভিন্ন সময়ে ইমো ও মেসেঞ্জারে কথা বলতেন। একপর্যায়ে চম্পা তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে জসিম বিবাহিত ও তাঁর সন্তান থাকায় এবং বয়সের ব্যবধানের কারণে তাঁকে বিয়ে করা সম্ভব ছিল না। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ঘটনার দিনও এ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম চম্পা বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে পিবিআইয়ের দাবি।
এ বিষয়ে পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।





