শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্‌যাপন ও ১৫ নারী সম্মানিত

Advertisement
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরাছবি: সারাক্ষণ সংবাদ

“নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো”—এমন নানা স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্‌যাপিত হয়েছে।

​বুধবার (২৫ নভেম্বর) মানিকগঞ্জ সরকারি সমন্বিত ভবনের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

অনুষ্ঠানের উদ্দেশ্য ও ধারণাপত্র উপস্থাপন করেন বিশিষ্ট উন্নয়নকর্মী ও নারীনেত্রী খোদেজা সুলতানা লোপা।

স্বাগত বক্তব্য দেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার ও রিনা সিকদার।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “নারী ও পুরুষ, ছেলে ও মেয়ে—সবাই আমাদের সন্তান। সবাইকে সমানতালে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। বাবা-মায়ের অসচেতনতা এবং সমাজের নানা অবক্ষয়ের কারণে অনেক ছেলে-মেয়ে ভুল পথে পা বাড়িয়ে বিপদগ্রস্ত হয়। বিপথগামী কাউকে মারধর না করে তাকে সংশোধনের সুযোগ দিতে হবে এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।”

​তিনি আরও বলেন, “আপনারা নিজেরা কাউকে সঠিক পথে ফিরিয়ে আনতে না পারলে আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কুফল সম্পর্কে অডিও-ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তাদের সচেতন করে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করব।”

​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ এবং অন্যান্য সামাজিক বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও নাগরিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নারী নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা এবং নির্যাতিত নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

​জেলা নারী উন্নয়ন কমিটির সহসভাপতি ও নারীনেত্রী আঁখি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বজলু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান, গ্রিন কোয়ালিশনের সদস্য জয়নাল আবেদীন এবং সম্মাননাপ্রাপ্ত পাঁচজন সফল নারী।

​আলোচনা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন সংগ্রামী নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। তাঁদের এই স্বীকৃতি নারীসমাজের আত্মবিশ্বাস, সাহস ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ