তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসা, মানিকগঞ্জের উদ্যোগে ‘আন্তর্জাতিক কেরাত সম্মেলন-২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক তিলাওয়াতুল কুরআন শিক্ষা-মিশন নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টা থেকে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আন্তর্জাতিক কেরাত সম্মেলন-২০২৬-এর আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে তানজানিয়া, ইরান, আফ্রিকা ও মিসরসহ বিভিন্ন দেশের বিশ্ববিখ্যাত ক্বারী সাহেবগণ উপস্থিত থাকবেন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বের দীর্ঘতম শ্বাসের অধিকারী বিশ্ববিখ্যাত ক্বারী ইদ্দী-শাবান। এছাড়াও ইরানের বিশ্ববিখ্যাত শিশু ক্বারী মুহাম্মদ আমীন কুহানী, বাংলাদেশের বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান এবং পবিত্র কুরআনুল কারিমের পূর্ণাঙ্গ কাব্যানুবাদক জাগ্রত কবি আল্লামা মুহিব খান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যথাসময়ে সম্মেলনের অনুষ্ঠান শুরু হবে এবং ইতোমধ্যেই বিদেশি মেহমান ক্বারী সাহেবগণ বাংলাদেশে এসে পৌঁছেছেন। এই মহতী কেরাত সম্মেলন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার উপস্থিতি, দাওয়াতি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওলানা মুহাম্মদ মুরাদ হোসাইন, মুফতী হাবিবুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, আব্দুল গাফ্ফার ফরিদ, আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট আরও অনেকে।





