মানিকগঞ্জের শিবালয়ে মাদক সরবরাহ করতে এসে দুই হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রামের খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জাহানারা খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের সলেমানের স্ত্রী। বর্তমানে তিনি সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করছেন।
জানা যায়,জেলার শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রামে জাহানারা খাতুন নামে ওই নারী ইয়াবা সরবরাহ করার সময় স্থানীয় অধিবাসীদের সন্দেহ হয়। বেলা ১১টার দিকে ‘ইন্না মিয়ার’ বাড়ির সামনে তাকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ব্যাগ তল্লাশি করে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে ইয়াবা গুলো জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া মাদক কারবারে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





