কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। শুক্রবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাড়ি দখলের খবর ছড়িয়ে পড়ায় শুরু হয় আলোচনা।
ভাইরাল একটি ফটোকার্ডে দাবি করা হয়, ধারদেনা করে নির্মাণ করা বাড়ি ভাড়া দেওয়ার পর ভাড়াটিয়ারা সেটি দখল করে নিয়েছেন। এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন বর্ষীয়াণ এই অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
তবে বিষয়টি জানতে পেরে অবাক হওয়ার পাশাপাশি বিরক্তও হয়েছেন দিলারা জামান। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি তার বর্তমান জীবনের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।
বরং ঘটনাটি প্রায় দুই যুগ আগের।
এ বিষয়ে দিলারা জামান বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়।
ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’
তাহলে কি বাড়ি দখলের ঘটনা একেবারেই ঘটেনি? এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনা ঘটেছিল ঠিকই, তবে সেটি আজকের নয়, প্রায় ২২ থেকে ২৩ বছর আগের।
দিলারা জামান জানান, ২০০৩-২০০৪ সালের দিকে তিনি ঢাকার শ্যামলী এলাকায় থাকতেন। সেখানে ছিল তার পৈতৃক বাড়ি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন তিনি। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। তখন বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের টনক নড়ে। এরপর সেই দখলের পরিস্থিতি আর এগোয়নি।
তবে বর্তমানে শ্যামলীর সেই বাড়িটি তার মালিকানায় নেই। পরবর্তী সময়ে বাড়িটি বিক্রি করে দেন তিনি। এ প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২-২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তারপর থেকে এখানেই থাকছি।’
দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গিয়ে কিছুদিন সময় কাটালেও বর্তমানে সেভাবে বিদেশে যাওয়া হয় না বলেও জানান এই অভিনেত্রী। তার কথায়, ‘এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না। অভিনয় নিয়েই ব্যস্ততা, আর উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকি।’
এত বছর পর পুরনো একটি ঘটনা নতুন করে ছড়িয়ে পড়ায় বিস্মিত দিলারা জামান। বিষয়টি নিয়ে তার প্রশ্ন, কেন বা কারা এমন তথ্য নতুন করে ছড়াচ্ছেন। অভিনেত্রীর ভাষায়, ‘হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কিভাবে এলো, নিজেই তো অবাক হয়ে গেলাম!
সূত্র : বাংলানিউজ





