বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির অধিকার ও দুই বোনের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অংশীদার’।
আপনজনের ষড়যন্ত্র, ভয়ভীতি এবং নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ন্যায্য অধিকার আদায়ের এক বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এতে।
নাটকের গল্পে দেখা যায়, বাবার মৃত্যুর পর দুই বোনকে বঞ্চিত করতে নানা কৌশল শুরু করেন তাদের চাচা ও পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাদের ওপর নেমে আসে নানা নির্যাতন ও উচ্ছেদের হুমকি। তবে সব বাধা উপেক্ষা করে নিজের অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠে বড় বোন। অন্যায়ের কাছে মাথা নত না করে সাহসিকতার সঙ্গে শুরু করে তার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের এই গল্পের মধ্য দিয়ে নাটকে তুলে ধরা হয়েছে নারীর উত্তরাধিকার, আত্মমর্যাদা, পারিবারিক বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার বার্তা। বিশেষ করে, বাবাহারা মেয়েদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার সামাজিক প্রবণতাকে এতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। এর সংলাপ রচনা করেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।
নির্মাতা ইকসান রনি বলেন, ‘অংশীদার’ আমাদের সমাজের একটি পরিচিত বাস্তবতার গল্প। নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসকে নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
নাটকটির প্রযোজক কাজী সাইফুল ইসলাম রাজীব জানান, বিনোদনের পাশাপাশি সমাজসচেতনতামূলক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য। ‘অংশীদার’ তেমনই একটি উদ্যোগ। নাটকটি দর্শকদের হৃদয় ছোঁয়ার পাশাপাশি নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী, তাসমিয়াহ টিনাসহ আরও অনেকে।
ইতিমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ (KSI Entertainment)-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে।





